কিশোর আটক
নওয়াপাড়া অফিস : যশোরের অভয়নগরে এক কিশোরী(১৩) কে ধর্ষণের অভিযোগে আবির হোসেন (১৫) নামে এক প্রতিবেশী কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ধর্ষক পুলিশ হেফাজতে রয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার কাপাশহাটী গ্রামে ঘটনাটি ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আবির হোসেন কাপাশহাটী গ্রামের আলী হোসেনের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে কিশোরীকে তার নিজ ঘরের ভেতর একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী আলী হোসেনের ছেলে আবির হোসেন। ভুক্তভোগী কিশোরীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসলে আবির হোসেন পালাবার চেষ্টা করে। এ সময় তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
ধর্ষণের দায় স্বীকার করে অভিযুক্ত কিশোর আবির হোসেন বলেন, ‘কিছুদিন আগে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ওই মেয়ের বাবা আমাকে মারপিট করেছিল। রাগের কারণে আমি তার মেয়েকে ধর্ষণ করেছি।’
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘কিশোরী ধর্ষণের অভিযোগে আবির হোসেনকে আটক করা হয়েছে। চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ভুক্তভোগী কিশোরীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।