খানজাহান আলী থানা প্রতিনিধি: মাত্র আড়াই’শ টাকার বকেয়া আদায়কে কেন্দ্র করে নগরীর আড়ংঘাটা এলাকায় এক হোটেলকর্মীর ওপর প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। গুরুতর জখম অবস্থায় মিরাজুল ইসলাম (৩৫) নামের ওই কর্মচারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার বেলা আনুমানিক আড়াইটার দিকে গভঃ ল্যাবরেটরি হাইস্কুল মোড়ে এ ঘটনা ঘটে। মিরাজ রিজিক ভাতের হোটেলে মাসিক ৫০০ টাকা বেতনে কাজ করেন। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে দৌলতপুর এলাকায় তার বসবাস।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিরাজ জানান, হোটেলে রান্নার গ্যাস শেষ হয়ে গেলে পাশের একটি সাইকেল গ্যারেজ ও গ্যাস বিক্রেতা মামুনের দোকানে গ্যাস আনতে যান। এসময় মামুন পূর্বের আড়াই’শ টাকা বকেয়া দাবি করেন। মিরাজ তাকে জানান, রমজানে বেচাকেনা কম দুপুরে টিটিসির লোকজন খাবার খেলে পুরো টাকা পরিশোধ করবেন।
মিরাজের ভাষ্য, কাঠের চুলায় মাছ রান্না করতে গিয়ে কিছু পুড়ে গেছে। সেগুলো বিক্রি করতে না পারলে টাকা জোগাড় করা কঠিন। আমাদের তেমন পুঁজি নেই এ কথা বলার পরই সে চাপাতি দিয়ে মাথায় কোপ দেয়। কোপটি বাম চোখের কোণায় লাগে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত মিরাজ অভিযোগ করেন, অভিযুক্ত গ্যাস বিক্রেতা অন্য কোম্পানির পাইপ ব্যবহার করে বসুন্ধরা সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রি করেন এবং একটি সিলিন্ডার থেকে আরেকটিতে অবৈধভাবে গ্যাস স্থানান্তর করে খুচরা হিসেবে আধা বা এক কেজি করে বিক্রি করেন। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
ঘটনার পর আড়ংঘাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।