/ কুষ্টিয়ায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় ঠিকাদার নিহত

কুষ্টিয়ায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় ঠিকাদার নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় শাহ জামাল (৪৫) নামে একজন ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকায় অরক্ষিত রেলগেটে এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহ জামাল কুষ্টিয়া শহরে ভবন নির্মাণের ঠিকাদার ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং ঠিকাদারি কাজের সুবাদে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। তার বাড়ি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার চরসিতাই ঝাড় গ্রামে এবং সে একই গ্রামের আব্দুর সাত্তার ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শহরের সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে ওই অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন আরও একজন। স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংটি অরক্ষিত হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। এ ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ করে সেখানে দ্রুত গেট ও গেটম্যান নিয়োগের দাবি জানান।


পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক নাছির উদ্দীন জানান, ট্রেনের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পেয়েছি। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।