কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে অবৈধ সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়। আতাউর রহমান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের ভাই হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী এ্যাড. আব্দুল মান্নাফ জানান, সোমবার সকালে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা নং-০৫ তাং ২৩/০২/২০২৬ দ: বি: দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(১) ও (২) ধারায় আনীত অভিযোগে করা মামলাটি জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক তপন রায়ের আদালতে দাখিল করেছে দুদক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার ষোলদাগ উত্তরপাড়া গ্রামের মৃত. আব্দুস সাত্তারের ছেলে কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা (৫০), রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অদ্যবধি পর্যন্ত সময়কালের মধ্যে মোট ১০ কোটি ৯ লক্ষ ৬৮ হাজার ৯৪১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রেখেছেন। এতে তিনি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(১) ও ২৬(২) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদক সূত্র জানায়, ইতোপূর্বে সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার স্ত্রী শাম্মীয়ারা পারভীনের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেন। ওই মামলায় আতাউর রহমান আতা এবং তার স্ত্রী স্কুল শিক্ষিকা শাম্মীয়ারা পারভীন রাজনৈাতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে ২০২৪ সালের ৪ এপ্রিল সংশ্লিষ্ট আদালতে হাজির না হয়ে সরাসরি জেলা ও দায়রা জজ আদালত হতে জামিন নেন। বর্তমানে তারা পলাতক রয়েছেন।