/ কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে জনি হত্যা মামলার পলাতক আসামি রাকিবুল গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে জনি হত্যা মামলার পলাতক আসামি রাকিবুল গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জনি হত্যা মামলার পলাতক আসামি রাকিবুল (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তবর্তী জামালপুর গ্রামের শামু মন্ডলের ছেলে এবং জনি হত্যা মামলার অন্যতম পলাতক আসামি। হত্যা মামলার আসামি গ্রেপ্তার হওয়া রাকিবুল সীমান্ত এলাকার শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে স্থানীয়দের দাবি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ নভেম্বর দুপুরে মহিষকুন্ডি মাঠাপড়া সীমান্ত এলাকায় মাদক পাচারের অর্থ লেনদেনের বিরোধকে কেন্দ্র করে মাদক পাচারকারী জনি (৩০) কে হত্যা করা হয়। সীমান্ত এলাকার শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারী নাজিম উদ্দিনের ছেলে সোহান এবং আমিরুল ইসলাম সুমনের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল জনির ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। নিহত জনি একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। হত্যাকান্ডের পর রাকিবুল পলাতক ছিল।


জনি হত্যা মামলার আসামি গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, জনি হত্যা মামলার আসামি রাকিবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।