/ কেসিসির প্রশাসক হিসেবে যোগদানকরলেন নজরুল ইসলাম মঞ্জু

কেসিসির প্রশাসক হিসেবে যোগদানকরলেন নজরুল ইসলাম মঞ্জু

ছয় মাস পর কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যোগদান করেছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে যোগদানপত্র তুলে দেন তিনি। একই সময়ে দেশের অন্য ৫ সিটি কর্পোরেশনের প্রশাসকরা ও যোগদানপত্র হস্তান্তর করেন।
যোগদান শেষে উপস্থিত সাংবাদিকদের নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘ দেড় বছর যাবৎ আমলা দ্বারা সিটি কর্পোরেশন পরিচালিত হয়েছে। জনগণের প্রতিনিধিরা জনসেবার দায়িত্বে না থাকায় অনেক সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে, মানুষ ভোগান্তিতে পড়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের সঙ্গে থেকে জনগণের জন্য কাজ করতে। আমরা নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করবো। যোগদান শেষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
\ ছয় মাস পর কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী \
আগামী ছয় মাসের মধ্যে ঢাকা, খুলনা, সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জের নতুন প্রশাসকদের ‘ক্লিন সিটি ও গ্রিন সিটি’ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছয় মাস পর সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে তাদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেন। যোগদানের পরই ছয় প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় এসব সিটিকে পরিচ্ছন্ন শহরে পরিণত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অধিকারগুলো দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে হবে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সচল রাখতেই এই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুতই এসব সিটি করপোরেশনে নির্বাচন দেওয়া হবে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন।
মশার সমস্যা, পরিচ্ছন্নতা এবং নাগরিকদের আরো যেসব সমস্যা আছে, সেগুলোকে তিনি পিন পয়েন্ট করেছেন।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘প্রতিটি সিটি যেন ক্লিন সিটি হয়, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সবুজায়ন থাকে-সেই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সামনে ডেঙ্গুর মৌসুম শুরু হচ্ছে, সেটা নিয়েও তিনি আমাদের পরামর্শ দিয়েছেন।’