দিলীপ বর্মণ : রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে খুলনা অঞ্চলের ৪টি জেলাসহ নগরীর ১৫টি পয়েন্টে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এই কার্যক্রমের আওতায় খুলনা অঞ্চলের বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলায় ট্রাক সেলে টিসিবির পণ্য পাওয়া যাচ্ছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত এই কার্যক্রম চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। ইতোপূর্বে প্রদত্ত ফ্যামিলি কার্ডের পাশাপাশি যে কেউ লাইনে দাঁড়িয়ে এই পণ্য ক্রয় করতে পারবেন। গত মঙ্গলবার থেকে নগরীর ১৫টি পয়েন্টে ট্রাকের মাধ্যমে বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর কিনতে পারছেন ভোক্তারা।
টিসিবি সূত্র জানা গেছে, গত মঙ্গলবার সকাল থেকে নগরীর ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্যগুলো বিক্রি করা হচ্ছে। স্থানগুলো হলো-নগরীর বয়রা সরকারি মহিলা কলেজ, প্রান্তিক মার্কেট, টেক্সটাইল মিল রোড, গোবরচাকা পল্লী মঙ্গল স্কুল মাঠ, এরশাদ আলী স্কুল মাঠ, শিশু হাসপাতালের সামনে, বাগমারা মোতালেব চেয়ারম্যানের বাড়ির সামনে, বসুপাড়া এতিমখানা রোড, আলকাতরা ক্লাবের মোড়, খুলনা প্রেসক্লাব, দক্ষিণ টুটপাড়া মসজিদ মাঠ, পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ, শিপইয়ার্ড রোড চানমারী বাজার, রূপসা ব্রীজের নীচে, আফিল উদ্দিন স্কুল প্রাঙ্গণ ও শিল্পকলা একাডেমী। টিসিবি আরও জানায়, রমজানে নিয়মিত পণ্যেরসঙ্গে অতিরিক্তভাবে ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। প্রতি প্যাকেজের দাম নির্ধারণ করাহয়েছে ৫৯০ টাকা। এই প্যাকেজের আওতায় ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ১ কেজি চিনি ও হাফ কেজি খেজুর পাওয়া যাবে। প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন মানুষ পণ্য ক্রয় করতে পারবেন।
টিসিবির যুগ্ম পরিচালক ও খুলনার আঞ্চলিক পরিচালক মো: হুমায়ুন কবির জানিয়েছেন, সপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ট্রাকের মাধ্যমে বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর কিনতে পারছেন ভোক্তারা। ফ্যামিলি কার্ডের বাইরে সাধারণ মানুষ এ পণ্য ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে কোন কিছুর প্রয়োজন হবে না। ট্রাক সেলে পণ্যের সাথে যুক্ত করা হয়েছে ছোলা এবং আধা কেজি খেজুর। খুলনার বিভিন্ন স্থানে ক্রেতাদের লাইনে দাঁড়িয়ে এই পণ্য কিনতে দেখা যাচ্ছে।