/ চিকিৎসক ও জনবল সংকট চিতলমারী হাসপাতালই এখন রোগী

চিকিৎসক ও জনবল সংকট চিতলমারী হাসপাতালই এখন রোগী

মোঃ তাওহিদুর রহমান, চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা: জনশুমারি ২০২২ অনুযায়ী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার মোট জনসংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৩৩ জন। আর এই জনপদের অধিকাংশ জনগোষ্ঠিই নিম্ম আয়ের। এই জনগোষ্ঠির চিকিৎসা সেবা গ্রহণে চিতলমারী হাসপাতালের উপর নির্ভর করতে হয়। কিন্তু চিতলমারী হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকট কারণে এই বিশাল জনগোষ্ঠির স্বাস্থ্যসেবায় ব্যাঘাত ঘটছে। এতে বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


চিতলমারী উপজেলা হাসপাতালটি ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু সে অনুযায়ী চিকিৎসক, নার্সসহ জনবল বাড়ানো হয়নি বিধায় সঠিকভাবে রোগীদের প্রাথমিক ও জরুরী চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনা কিংবা অন্যান্য জরুরী সেবা নিতে আসা রোগীদের খুলনা সদর হাসপাতাল কিংবা বাগেরহাট সদরে পাঠানো হয়। যার কারনে অনেক রোগীই আশপাশের জেলায় গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।


হাসপাতলটিতে শিশু ও গাইনীসহ ১০জন বিশেষজ্ঞ ডাক্তারের পদ থাকলেও আছে মাত্র একজন। এছাড়া আবাসিক মেডিকেল আফিসার ও মেডিকেল অফিসার, সহকারী সার্জনসহ ১৫জন ডাক্তারদের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৫জন। এ সকল বিভাগে চিকিৎসক না থাকায় ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা শিশু ও নারী রোগীরা। জরুরী ডেলিভারী রোগীদের চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে ভর্তি হতে হয়। যার কারণে গরীব রোগীরা আর্থিক ক্ষতির সম্মুখিন হন। এ হাসপাতালে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কর্মচারীর ১ শ’ ১৮ টি পদের অনুকুলে ৮৮ জন ও চতুর্থ শ্রেণীর ১৯টি পদের অনুকুলে ১৩ কর্মরত রয়েছেন।


এ সকল তথ্য নিশ্চিত করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ শর্মী রায় জানান, চিকিৎসক সংকটের বিষয়টি শীঘ্রই সমাধানের চেষ্টা করা হচ্ছে। আগামী রবিবার কয়েকজন চিকিৎসকের যোগদানের কথা রয়েছে।