/ জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

গোলাম পরওয়ার আবারও সেক্রেটারি জেনারেল

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে গতকাল শুক্রবার কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে ২০২৬-২৮ কার্যকালের কমিটি গঠন ও শপথ সম্পন্ন হয়।
নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। চারজন নায়েবে আমির, সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল, ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরা এবং ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে।
কমিটির চার নায়েবে আমির হলেন এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম। সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে রয়েছে উল্লেখিত নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেলসহ দলীয় কার্যক্রমে নেতৃত্ব দিতে সক্ষম সদস্যরা। নারী প্রতিনিধিত্ব বাড়াতে কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন ও মজলিসে শূরায় ১৭ জন নারী সদস্য রাখা হয়েছে।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ৫ সদস্যের। প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন মাওলানা এটিএম মাছুম। অন্য চার কমিশনার হলেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।
সারাদেশকে ১৪টি সাংগঠনিক অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। রংপুর-দিনাজপুরে মাওলানা আবদুল হালিম, বগুড়ায় এটিএম আজহারুল ইসলাম, রাজশাহীতে মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া-যশোরে মোবারক হোসাইন, খুলনায় অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, বরিশালে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহে অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরে মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তরে সাইফুল আলম খান মিলন, ঢাকা দক্ষিণে আবদুর রব, ফরিদপুরে ড. হামিদুর রহমান আযাদ, সিলেটে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালীতে মাওলানা এটিএম মাছুম এবং চট্টগ্রামে মাওলানা মুহাম্মাদ শাহজাহান দায়িত্ব পালন করবেন।
নতুন কেন্দ্রীয় কমিটির মাধ্যমে জামায়াত সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে, মাঠ পর্যায়ে পুনর্গঠন ও কর্মসূচি সমন্বয় নিশ্চিত করতে এবং রাজনৈতিক কৌশল বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করছে। কমিটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে।