পঞ্চগড়ের বোদা উপজেলায় রমজান মাস উপলক্ষ্যে সরবরাহ করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর পণ্যের একটি চালানে ভোজ্যতেলের পরিবর্তে পানিভর্তি বোতল পাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি জানাজানি হলে পুরো তেলের চালান গ্রহণ না করে ফেরত পাঠানো হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বোদা উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) চত্বরে দিনাজপুরের কাহারোল টিসিবি ডিপো থেকে আসা একটি ট্রাক থেকে পণ্য খালাসের সময় বিষয়টি ধরা পড়ে। রমজার উপলক্ষ্যে টিসিবি কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য ডাল, চিনি, ছোলা ও ভোজ্যতেল গুদামে মজুত করা হচ্ছিল।
খাদ্যগুদাম সূত্রে জানা যায়, চালানে ৪৪৫টি কার্টনে প্রতিটিতে ২ লিটার ধারণক্ষমতার ৯ বোতল করে ভোজ্যতেল ছিল। এছাড়া কার্টনের বাইরে আরও দুটি বোতল রাখা ছিল। ট্রাক থেকে কার্টন নামানোর সময় একটি কার্টনের ওজন অস্বাভাবিক মনে হলে শ্রমিকদের সন্দেহ হয়। পরে কার্টন খুলে দেখা যায়, সেখানে তেলের বদলে আটটি পুরোনো তেলের বোতল ও একটি পানির বোতলে পানি ভর্তি করা হয়েছে।
বোদা উপজেলা এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী জানান, সন্দেহের ভিত্তিতে একটি কার্টন খোলা হলে ৯ বোতল পানিভর্তি পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয় এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে পুরো ভোজ্যতেলের চালান ফেরত পাঠানো হয়।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ঘটনাটি যাচাই করে সংশ্লিষ্ট চালান গ্রহণ করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এদিকে দিনাজপুরের কাহারোল টিসিবি গুদাম কর্মকর্তা মো. শাহজামাল জানান, গুদাম থেকে সঠিকভাবে পণ্য পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছিল। পথে পরিবহনকারী ট্রাকচালক পানিভর্তি বোতল সংযুক্ত করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় ট্রাকচালক ময়নুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ট্রাকচালককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন। পাশাপাশি বোদা উপজেলার জন্য নতুন করে ভোজ্যতেলের বরাদ্দ পাঠানো হবে।