/ তেরখাদায় ২ গ্রুপের সংঘর্ষে কমপক্ষে আহত ৩০ জন

তেরখাদায় ২ গ্রুপের সংঘর্ষে কমপক্ষে আহত ৩০ জন

নিজস্ব সংবাদদাতা, তেরখাদা (খুলনা): খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মামুন মোল্যা নামে এক যুবক বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।


পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঈদরিস মোল্যা ও ইরাদত মোল্যা গ্রুপের সঙ্গে জাকির মুন্সী, মোস্তফা মোল্যা ও ইসরাইল মোল্যা গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উভয়পক্ষ দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।


সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় মামুন মোল্যা নামে এক ব্যক্তি বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন। তবে বোমা বিস্ফোরণ নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। মামুনের পক্ষের দাবি, প্রতিপক্ষ গ্রুপ বোমা নিক্ষেপ করলে তিনি আহত হন। অপরদিকে প্রতিপক্ষের দাবি, মামুন নিজেই বোমা নিক্ষেপ করতে গিয়ে বিস্ফোরণের শিকার হন। এ নিয়ে এলাকায় ধোঁয়াশা ও উত্তেজনা বিরাজ করছে।


সংঘর্ষের খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এবং নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


উল্লেখ্য, এর আগের মঙ্গলবার বিকেলেও একই এলাকায় একই পক্ষগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন।
তেরখাদা থানার ওসি মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বোমা বিস্ফোরণের ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে। তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।