/ দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ হত্যাকান্ড প্রধান আসামি ছাত্রদল নেতা সাজ্জাদের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী

দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ হত্যাকান্ড প্রধান আসামি ছাত্রদল নেতা সাজ্জাদের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী

ছাত্রদলের ২নেতার ৩দিনের রিমান্ড মঞ্জুর


ভ্রাম্যমাণ প্রতিনিধি,দিঘলিয়া (খুলনা) : দিঘলিয়া উপজেলার চাঞ্চল্যকর যুবদল নেতা মুরাদ খান হত্যা মামলার ৩ আসামীকে গতকাল সোমবার পুলিশ আদালতে প্রেরণ করেছে। হত্যা মামলার অন্যতম আসামী বহিস্কৃত ছাত্রদল নেতা মেহেদি হাসান সাজ্জাদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছেন। অপর আসামি আলহাজ্ব সারোয়ার খান কলেজ ছাত্রদলের সভাপতি নয়ন ও ট্যারা মাসুদের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রকাশ্যে এই হত্যাকান্ডে সরাসরি জড়িত কয়েকজন এখনও পলাতক রয়েছে। এ ঘটনায় নিহত মুরাদ খান এর স্ত্রী জান্নাতুল মাওয়া বাদি হয়ে গত ১লা মার্চ দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুরাদ খান হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেফতারকৃত বহিস্কৃত ছাত্রদল নেতা মেহেদি হাসান সাজ্জাদকে গতকাল খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লিটন কুমার মন্ডল জানান, বহিস্কৃত ছাত্রদল নেতা সাজ্জাদ আদালতে নিজেকে সম্পৃক্ত করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছেন। স্বীকারোক্তিতে সাজ্জাদ হত্যাকান্ডের সাথে সম্পৃক্তদের কথা অকপটে স্বীকার করেছেন বলে সুত্র জানিয়েছেন। সাজ্জাদের স্বীকারোক্তি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করবে বলে তদন্তকারী কর্মকর্তা পূর্বাঞ্চলকে জানিয়েছেন।
এছাড়া মামলার এজাহার ভুক্ত আসামি আলহাজ্ব সারোয়ার খান কলেজ ছাত্রদলের সভাপতি নয়ন ও পুলিশের সন্দিগ্ধ আসামি সেনহাটী ইউপি সদস্য আলেয়া পারভীন পুত্র মাসুদের ৫দিনের ডিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে উভয়ের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মুরাদ খান হত্যাকান্ডের ২দিন পরে গত রবিবার নিহত মুরাদ খানের স্ত্রী জান্নাতুল মাওয়া ১১জনের নামোল্লেখ ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ০১ তারিখ ০১-০৩-২০২৬ ইং
উল্লেখ্য গত শুক্রবার বিকালে যুবদল নেতা মুরাদ খানকে সেনহাটী বকসি বাড়ি এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। সন্ত্রাসীরা মুরাদ খান এর দু’পায়ের রগ কেটে দেয়।
এঘটনায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সাজ্জাদকে বহিষ্কার করে। নিহত মুরাদ খান সেনহাটী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন।