/ দিঘলিয়ায় ২২ দিনের শিশু পুত্রকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে পিতা

দিঘলিয়ায় ২২ দিনের শিশু পুত্রকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে পিতা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, দিঘলিয়া (খুলনা)\ মায়ের কোলে নিরাপদে ঘুমিয়েছিল ২২দিন বয়সী শিশু পুত্র মুনতাসীর। কিন্তু পাষন্ড পিতা নাহিদ শেখ মায়ের কোলে নিরাপত্তার চাদর ছেদ করে পুত্র মুনতাসীরকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে চিরদিনের মত ঘুম পাড়িয়ে দিলেন।
পরবর্তীতে শিশুটিকে একটি পরিত্যাক্ত সেফটি ট্যাংকিতে ফেলে দিয়েছে ওই পাষন্ড পিতা। হত্যাকারি পিতা নাহিদ শেখ(২৮) কে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটী গ্রামে।
ঘটনার বিবরণে জানা গেছে, ০৩মার্চ ২২দিন বয়সী শিশু মুনতাসীর মা মৌ এর কোলে ঘুমিয়েছিল। ভোর ৫টার দিকে পিতা নাহিদ শেখ শিশুটিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পার্শ্ববর্তী খোকন মল্লিকের পরিত্যাক্ত সেফটি ট্যাংকিতে ফেলে দেয়। ঘুম ভেঙে মা মোসাম্মাৎ মৌ শিশু মুনতাসীরকে দেখতে না পেয়ে স্বামী নাহিদকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তাকে সেনহাটীতে রেখে এসেছেন। শিশুটির মা তার বাচ্চার কাছে যেতে চাইলে নাহিদ গাড়িতে উঠিয়ে তাকে ফরিদপুর নিয়ে আসে। স্বামী নাহিদের গতিবিধি সন্দেহজনক হলে স্ত্রী মৌ’র আত্ম চিৎকারে পার্শ্ববর্তী লোকজন জড়ো হয়ে দু’জনকে ফরিদপুর সদর থানায় সোপর্দ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে নাহিদ স্বীকার করে তার ২২দিনের পুত্র সন্তানকে হত্যা করে খোকন মল্লিকের বাড়ির সেফটি ট্যাংকিতে ফেলে দিয়েছে। ফরিদপুর সদর থানা পুলিশ দিঘলিয়া থানায় কামারগাতি ফাঁড়ি ইনচার্জকে বিষয়টি অবগত করলে মঙ্গলবার গভীর রাতে শিশু মুনতাসীরকে মৃত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। শিশু মুনতাসীর হত্যার অভিযোগে নাহিদ শেখ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।