/ নগরীতে ৮শ’ রোজাদারের মাঝে ইফতার বিতরণ

নগরীতে ৮শ’ রোজাদারের মাঝে ইফতার বিতরণ

নগরীর শিববাড়ী মোড়ে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ইউএসএ এর উদ্যোগে গতকাল বুধবার পথচারী ৮০০ রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সারাদেশে চলমান ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এ কর্মসূচি পালিত হয়। আয়োজকরা জানান, রমজান মাসজুড়ে খুলনা শহরের বিভিন্ন স্থানে টানা ৩০ দিন এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ইফতার বিতরণের পাশাপাশি চলতি রমজানে খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় অচ্ছল পরিবারের মাঝে রমজানের পুরো মাসের বাজার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া মশারি, হুইলচেয়ার, সেলাই মেশিন, ঈদবস্ত্র, কাঁচাবাজার, মাছ ও মাংস বিতরণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন শায়লা আজীম এর ব্যক্তিগত তহবিল থেকে এসব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
ইফতার বিতরণ অনুষ্ঠানে খুলনা, ঢাকা, বগুড়া, সাতক্ষীরা ও বরিশাল জেলার সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।-খবর ঃ বিজ্ঞপ্তির।।