স্টাফ রিপোর্টার: নগরীর বায়তুন নূর মসজিদ শপিং সেন্টারের অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। দুটি দোকানের মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে। এছাড়া আরও অন্তত: ৮ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ১১টার দিকে শপিং সেন্টারের গোধূলি নামের একটি মোবাইলের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি স্থানীয় লোকজন নিরাপত্তাকর্মীকে জানান। ভেতরে ঢুকলে আগুনের শিখা দেখা যায় এবং মুহূর্তেই আগুন মার্কেটের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী আসফিক আহমেদ সিদ্দিকী বলেন, শপিং সেন্টারের মাঝামাঝি অংশে অবস্থিত ‘গোধূলি’ দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে চারটি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে নেভানোর চেষ্টা করা হয়, তবে তা সফল হয়নি। অগোছালো বৈদ্যুতিক তারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভেতরে একটি এসি বিস্ফোরিত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গোধূলীসহ আরও একটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ৮/১০টি দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল মালেক বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। মার্কেটের ভেতরে বিদ্যুতের অনেক তার ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেখান থেকেই আগুন লাগতে পারে।
এদিকে গতকাল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন খুলনা ২ আসনের এমপি এ্যাড. জাহাঙ্গীর হোসেন হেলাল।