/ নরসিংদীতে ধর্ষণের পর কিশোরী হত্যা

নরসিংদীতে ধর্ষণের পর কিশোরী হত্যা

রাতে বাবার সামনে থেকেই কিশোরীকে তুলে নেয় স্থানীয় একদল যুবক। অনেক খোঁজাখুজি করে পরদিন বৃহস্পতিবার সকালে গ্রামের একটি ফসলি জমি থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীর মরদহ।

নরসিংদীর মাধবদী এলাকার এই ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে যেমন আলোচনা-সমালোচনা চলছে, তেমনি নিন্দা জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে।

শুক্রবার দুপুর পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। যদিও এই ঘটনায় মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

নরসিংদির মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানিয়েছেন, কিশোরী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

অন্য চার অভিযুক্ত এখনও পলাতক, তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

“মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার পর আসামীরা আত্মগোপনে চলে গেছে। আমরা জেলার বিভিন্ন স্থান থেকে গোপন তথ্য ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পাঁচজনকে গ্রেফতার করেছি,” জানান তিনি।

এদিকে আলোচিত এই ঘটনার প্রেক্ষাপটে ওই এলাকা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক বা ডিআইজি রেজাউল করিম মল্লিক।

নিহতের পরিবারের সঙ্গে কথা বলার পর তিনি জানান, “এই ঘটনায় ধর্ষক হিসেবে চারজন এবং সালিশকারী হিসেবে পাঁচজনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”