/ নাভারন বাজারে নাভারণ ডেয়ারি হোটেলে ৪০ হাজার টাকা জরিমানা

নাভারন বাজারে নাভারণ ডেয়ারি হোটেলে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, শার্শা (যশোর) : যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে নাভারণ ডেয়ারি নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


গত বৃহস্পতিবার নাভারন বাজারে অবস্থিত নাভারন ডেয়ারি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির কর্ণধর আতিউর রহমানের দোকানে বিক্রি হওয়া দই ও ঘি পরীক্ষা করে মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত উপাদান এবং দইয়ের ওপর কৃত্রিম রং মেশানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়া বিক্রিত ঘি এর কোনো বিএসটিআই অনুমোদন না থাকায় তা ভোক্তা অধিকার আইনের পরিপন্থী বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


অভিযানে যশোর থেকে আসা বিশেষ টাস্কফোর্স টিম, পুলিশ সদস্য এবং ক্যাপ (কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট এসময় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি না করার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করেন।