পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বকশিয়া ইটভাটা নামক স্থানে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গরু ভর্তি আলমসাধু চাকা খুলে চালক নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে গিয়ে পড়ে। এসময় ইশার আলী (৭০) ও মতলেব (৪৫) দুজন গরু ব্যবসায়ী নিহত ও ২ জন গুরুত্বর আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, সাতক্ষীরা সদর থানার ধুলিহর কোমরপুর গ্রাম থেকে গরু ব্যবসায়ীরা আলম সাধু যোগে গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে ডুমুরিয়া থানার খর্নিয়া গরু হাটে যাচ্ছিল। পতিমধ্যে পাটকেলঘাটা বকশিয়া ইটভাটা এলাকায় পৌছাইলে আলম সাধু বাম পাশের চাকা খুলে নর্দমায় যেয়ে পড়ে। ঐ সময় আলম সাধুর তলায় পড়ে ঘটনাস্থলে নিহত হয় গরু ব্যবসায়ী সাতক্ষীরা সদর থানার কোমরপুর গ্রামের মোঃ ইশার আলী এবং সদর থানার জর্দিয়া গ্রামের মতলেব নামের এক ব্যবসায়ীকে আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করলে তিনি সেখানে মারা যান। আহত হয় সাতক্ষীরা সদর থানার কোমরপুর গ্রামের মোঃ আল মামুন (৪৫) ও আমিনুর রহমান (৪৭)। পাটকেলঘাটা থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি ইউডি মামলা হয়। এদিকে একই স্থানে মাত্র ১ ঘন্টার ব্যবধানে বারাত গ্রামের ব্যবসায়ীরা আরও একটি আলম সাধুতে করে কেশবপুরের সুড়িঘাটা বাজারে গরু নিয়ে যাওয়ার সময় এক্সেল ভেঙ্গে অন্য পাশের খাঁদে উল্টে যায়। পূর্বের ঘটনায় সেখানে উপস্থিত শত শত জনগন দ্রুত এগিয়ে এসে এদেরকে উদ্ধার করলে বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি।