/ পাটকেলঘাটায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

পাটকেলঘাটায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

পাটকেলঘাটা প্রতিনিধ : পাটকেলঘাটা বাজারে চাঁদাবাজির অভিযোগে দুই কথিত সাংবাদিককে হাতেনাতে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও জনতা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১ টার দিকে পাটকেলঘাটা বাজারের টাওয়ার রোডে রাখি বস্ত্রালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী নিরঞ্জন দাশ জানান, তিনি সম্প্রতি চান্দিনা সম্পত্তির একটি দোকান ক্রয় করেন। দোকানের পুরাতন ও নষ্ট শাটার পরিবর্তনের সময় সাতক্ষীরা সদরের তুরাব আলীর পুত্র রবিউল ইসলাম ও পাটকেলঘাটা চৌগাছা গ্রামের মৃত শেখ আবু বক্কারের ছেলে মাসুদ হাসান মনি নামে দুই ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি অনুমতির বিষয়ে জানতে চান। সরকারি অফিস বন্ধ থাকায় অনুমতি নিতে না পারার কথা জানালে তারা ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়া ও পত্রিকায় নিউজ করার হুমকি দেন।
বিষয়টি জানতে পেরে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে তাদের আটক করেন। তবে এ সময় কথিত আরও দুই সাংবাদিক সুকৌশলে মোটরসাইকেলে করে পালিয়ে যান বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থলে থাকা রবিউল ইসলাম ও শেখ মাসুদ হোসেন মনিকে উত্তেজিত জনতা গনধোলাই দিয়ে পাটকেলঘাটা থানায় হস্তান্তর করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফুল কবির জানান, এ ঘটনায় চাঁদাবাজি মামলা হয়েছে। যার নং-০৬, তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৬ রুজু হয়েছে। দুজন আসামি আটক রয়েছেন এবং জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের দুটি মোটরসাইকেল উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এ ধরনের প্রতারণা ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।