/ পাটকেলঘাটার বলফিল্ড সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে

পাটকেলঘাটার বলফিল্ড সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে

পাটকেলঘাটা প্রতিনিধি॥ অবহেলিত, অযত্নে অভিভাবকহীন পাটকেলঘাটা বাসীর অভিশাপ হয়ে পড়ে রয়েছে বলফিল্ড মোড় রাস্তাটি। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট এলজিইডি’র নজরদারী জরুরী।

ঐতিহ্যবাহী পাটকেলঘাটার বলফিল্ড রাস্তা দিয়ে প্রতিনিয়তই আসা-যাওয়া করছে ব্যাটারিচালিত অটোরিকশা, মোটর সাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহন। ভাঙ্গা রাস্তায় চলাচল করতে গিয়ে ভ্যান ও অটো যাত্রীরা যেমন নাকাল হচ্ছেন, তেমনি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতে এই সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দেখে মনে হবে, এ যেন রাস্তা নয়, চাষ দেওয়া জমি। এক যুগ পেরিয়ে গেলেও রাস্তাটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। সামান্য বৃষ্টি হলেই রাস্তাাটি পরিণত হয় কাদামাটির পথে। রাস্তাটির দুই পাশে বসবাস করেন শতাধিক পরিবার। প্রতিদিন এ কাদা মাড়িয়েই কোমলমতি শিশুদের যেতে হয় স্কুলে। শুধু শিশুরাই নয়, চরম দুর্ভোগে পড়েন বয়োবৃদ্ধ ও অসুস্থ মানুষরাও।


সরেজমিনে রাস্তাটিতে ঘুরে দেখা গেছে, রাস্তা জুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। কোথাও কাদা। আবার কোথাও পিচের রাস্তার ওপর ইটের সলিং। সেখানে হেলে দুলে চলে ইজিবাইক, ভ্যানসহ অন্যান্য যান। কাদাপানিতে অনেক রাস্তা দিয়ে হেটে চলাও দুস্কর। আবার অনেক রাস্তায় পানিতে না ভিজে যাবারই সুযোগ নেই। অনেক জায়গায় পানি জমে থাকে দিনের পর দিন। সড়কটির প্রায় সব জায়গায় পিচঢালাই উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বাজার রাস্তা হতে খুলনা সাতক্ষীরা মহাসড়কের বলফিল্ড বাজার পর্যন্ত প্রায় ৩শ মিটার রাস্তার বেহাল অবস্থা। এ নিয়ে ভোগান্তি পোহাতে হয় এ রাস্তা দিয়ে যাতায়াতকারীদের। রাতে এ সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে জানান একাধিক পথচারী।
অটোচালক ইলিয়াস হোসেন বলেন, এই ৩শ মিটার রাস্তায় চলাফেরা করতে অনেক কষ্ট হয়। আমরা এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি। ভাঙ্গা রাস্তার কারণে গাড়ি প্রায়ই বিকল হয়ে যায়। বেশির ভাগ রাস্তা ভেঙ্গে পিচ উঠে গর্তের কারণে ইজিবাইক থেকে যাত্রীদের নামিয়ে তারপর গর্ত পাড় হতে হয়। রাতে চলাচল করতে খুবই কষ্ট হয়।


মটরসাইকেল মাসুম গাজী বলেন, এই রাস্তা এত খারাপ যে ঠিকমত ভ্যান চালানো যায় না। এ মাসে দু’বার টায়ার-টিউব বদলাইছি। বলফিল্ড সড়ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভ্যান চালক মনোরঞ্জন দাশ। তিনি বলেন, ‘এই রাস্তায় আসলি খরচ বেড়ে যায়। চাকা টাল হয়, গাড়ির ক্ষতি হয়। আমাগো ব্যাটারির ভ্যান, পানিতে ক্ষতি। সব রাস্তায় ভাঙ্গা চোরা কাদাপানি। রাস্তা নিয়ে ক্ষোভ পাটকেলঘাটার অধিকাংশ ব্যবসায়ী ও বাসিন্দাদের। পথচারী জাহিদ হাসান নয়ন, মাসুদ রানা সবুজ বলেন, এ রাস্তাটি অতিদ্রুত মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ব্যাপারে পাটকেলঘাটার ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানার কাছে জানতে চাইলে বলেন, রাস্তাটির বেহাল দশা। বিভিন্ন দফতরে ছুটো ছুটো করছি আশাকরি অতি দ্রুত টেন্ডারের মাধ্যমে দ্রুত রাস্তারটির কাজ শুরু করবো।