পেরুর আরেকিপা অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছে বলে সোমবার বিমানবাহিনী জানিয়েছে।
এমআই-১৭ হেলিকপ্টারটির সঙ্গে রবিবার বিকেলে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সোমবার পেরুভিয়ান বিমানবাহিনী ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘উদ্ধারকর্মীরা চারজন ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করেছেন… পাশাপাশি হেলিকপ্টারে থাকা ১১ জন যাত্রীর মৃত্যুও নিশ্চিত করা হয়েছে।’
বিমানবাহিনী জানায়, আরেকিপায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে হেলিকপ্টারটি অভিযান পরিচালনা করছিল, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রুশ-নির্মিত উড়োজাহাজটি ইকা অঞ্চলের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল। উদ্ধারকারীরা এটিকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আরেকিপার চালা শহরে খুঁজে পায়।