হেলিকপ্টারে ঘুরবেন সুন্দরবন নেই কোন রাজনৈতিক কর্মসূচি
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে আসছেন। তিনি হেলিকপ্টারে দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে নৌপথে যাবেন নৌবাহিনীর মোংলা ঘাটিতে।
সফরকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে সুন্দরবন ও হিরণ পয়েন্ট এলাকা ঘুরে দেখবেন। দুপুরে মোংলা নৌঘাঁটিতে সভায় যোগদান এবং মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই সফরে কোনো রাজনৈতিক কর্মসূচি বা সমাবেশ হবে না।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নলিয়ান ও মোংলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিপ্যাড তৈরির কাজ শেষ হয়েছে। চলছে হেলিপ্যাড থেকে লঞ্চ টার্মিনাল পর্যন্ত সড়ক সংস্কারের কাজ। এই কাজও আজকের মধ্যে শেষ হবে আশা করছেন দাকোপের উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী ২২ অক্টোবর সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে যাত্রা করে ১০টায় সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন। সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের পর লঞ্চে করে সকাল ১০টা ৪৫ মিনিটে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন।
দুপুর পৌনে ১টায় বানৌজা মোংলায় পৌঁছে মধ্যাহ্নবিরতি শেষে বেলা পৌনে ২টায় ওয়ার্ডরুমে সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি। পরে বিকেল সাড়ে ৩টায় বেজার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নলিয়ান এলাকায় ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।