/ ফুলতলায় সেলুন ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফুলতলায় সেলুন ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভ্রাম্যমাণ সংবাদদাতা, ফুলতলা (খুলনা) : ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে বিজয় চন্দ্র সরকার (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত সুকোমল চন্দ্র সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় চন্দ্র সরকার স্থানীয় আইয়ান সিটি মার্কেটে একটি সেলুনের দোকান পরিচালনা করতেন।

গত মঙ্গলবার কর্মস্থলে না যাওয়ায় তার মা তাকে বকাঝকা করেন এবং ঘরের কিছু আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। সন্ধ্যার দিকে বিজয় বাড়ির সামনে একটি চায়ের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে তার নিজ দোকানের ভেতরে সিলিংয়ের সঙ্গে গলায় তোয়ালে পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তার মায়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে লাশটি নিচে নামান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে পুলিশ জানায়, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছিল এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।