/ ফুলতলার সুপার জুট মিলে পাটের গুদামে আগুন

ফুলতলার সুপার জুট মিলে পাটের গুদামে আগুন

নিজস্ব সংবাদদাতা, ফুলতলা(খুলনা): ফুলতলা উপজেলার সুপার জুট মিলে রবিবার দিবাগত রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে খুলনা ও যশোর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ মাসুদ সরদার বলেন, তদন্ত কমিটি করে কারন ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। খুলনা, দৌলতপুর ও যশোরের নওয়াপাড়া হতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সুপার জুট মিলের ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম বলেন, রবিবার দিবাগত রাত পৌনে দশটার দিকে মিলের অভ্যন্তরে রাখা পরিত্যক্ত জুট(গদ্দা) গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে মিলের অভ্যন্তরীণ অগ্নি নির্বাপক দল চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আল্লাহর রহমতে কেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

সুপার জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ ভূইয়া বলেন, ২নং গুদামে রক্ষিত গদ্দায় আগুন লেগে গেলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আল্লাহ রহমত করেছেন। এজন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে মিলটি রক্ষা পেয়েছে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লাল হোসেন বলেন, রাত পৌনে দশটায় আগুনের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে খুলনা ও যশোরের ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পুলিশ ও ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে। ফলে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আসে।