বাগেরহাট ব্যুরো ও কচুয়া (বাগেরহাট) থেকে নিজস্ব সংবাদদাতা : বাগেরহাটের কচুয়া উপজেলার ছোট আন্ধারমানিক গ্রামের বটতলা মোড়ে সোমবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ইলেকট্রনিক্স, ফিড মিল, গ্যারেজ, টেইলারিং ছাড়াও ৪টি মুদি দোকানের ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
ঘটনাস্থল পরিদর্শন করে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান জানান. সোমবার দিবাগত রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি দোকানে প্রথমে আগুন লাগে। পরে তা অন্য আরো ৭টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দূর্ঘটনাস্থলে আসার আগেই মালামালসহ ৮ দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জরুরি খাদ্য সহায়তা, কম্বল বিতরণসহ সরকারি সহায়তার আশ্বাস দেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।