বাগেরহাট ব্যুরোঃ বাগেরহাটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত শুক্রবার দিবাগত রাতের অভিযানে শহরের নাগেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসূধন দাম (৪৯), বাগেরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ ওরফে দোলন মোল্লা (৪৪) এবং জেলা যুবলীগের নেতা মো. মিরাজ (৪২)। তারা সবাই নাগেরবাজার এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাদের হেফাজত থেকে আট ক্যান বিদেশি মদ (বিয়ার) ও উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্র জানায়, মধুসূধন দাম ও শাহনেওয়াজ ওরফে দোলন মোল্লার বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
বাগেরহাট সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, নির্বাচনকে ঘিরে নাশকতার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী গত শুক্রবার গভীর রাতে নাগেরবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মধুসূধন দামের বাসা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং সেখানে তল্লাশি চালিয়ে বিদেশি মদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।