/ বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মনজুরুল হক রাহাদ

বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মনজুরুল হক রাহাদ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে, জেলা প্রশাসকের কার্যালয় এলাকা এবং জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের অংশ হিসেবে এমপি শেখ মনজুরুল হক রাহাদ পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি শামীম হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিচ্ছন্নতাকর্মীরা।
এসময় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাগেরহাট গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি নাগরিকদের নিজ নিজ বাসা-বাড়ি, প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। একই সঙ্গে দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আয়োজকরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে টেকসই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।