ভ্রাম্যমাণ প্রতিনিধ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে বাগেরহাট ২ আসনের নির্বাচনী ব্যালট-রেজাল্টশিটসহ নথিপত্র ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।
এ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের করা মামলা শুনানির জন্য গ্রহণ করে ১ এপ্রিল বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক (রাহাদ) নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে এ আসনে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে নির্বাচনী মামলা করেন।
বাগেরহাট ২ এবং সংসদীয় আসন ৯৬ এর নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ করে জানান, নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ রয়েছে। তাই ফলাফল বাতিল ও পুনঃনির্বাচনের জন্য আবেদন করেছি। আবেদনে তিনি উল্লেখ করেন যেহেতু বাগেরহাটের বিভিন্ন কেন্দ্রে ফলাফলে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে সেহেতু বাগেরহাটের নির্বাচনে যে ফলাফল হয়েছে তাকে জনগণের মতামতের প্রতিফলন ঘটে নাই। তিনি আরও জানান, আগামী ২১ মে আদালত পরবর্তী তারিখ ঘোষণা করেছেন। ওই দিন সাক্ষী গ্রহণসহ এবং বিবাদীর পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে আদলাত পরবর্তী সিদ্ধান্ত বা রায় ঘোষণা করবেন।