/ বৃত্তি পেল সাড়ে ৬৮ হাজার শিক্ষার্থী

বৃত্তি পেল সাড়ে ৬৮ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তিসহ বিভিন্ন বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল অষ্টম শ্রেণির বৃত্তির জন্য ১১ হাজার ১৮০ জন, ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তির জন্য ১১ হাজার ১৮০ এবং কারিগরি শিক্ষা বোর্ডের জেএস ও জেডি বৃত্তির জন্য ২০৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

‎আজ বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেছেন। এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী বলেন, বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়—এটি মেধা, অধ্যবসায় ও শৃঙ্খলার স্বীকৃতি। শিক্ষার্থীদের প্রণোদনা বন্ধ নয় বরং আরও বিস্তৃত করার দিকেই সরকার এগোচ্ছে।

তিনি আরও বলেন, নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। মূল্যায়ন কেন্দ্রে অনিয়ম রোধে নতুন মনিটরিং ব্যবস্থা বিবেচনাধীন। নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ প্রাথমিক স্তর থেকেই অন্তর্ভুক্ত করা হবে।

গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত চলে জুনিয়র বৃত্তি পরীক্ষা। ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত এবং ৫ জানুয়ারি বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

বৃত্তি পরীক্ষার মোট নম্বর ৪০০। বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বিজ্ঞানে ৫০ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হয়েছে।