খুলনাসহ বাংলাদেশের অনেক যাত্রী আটকে আছেন জেদ্দায়
পূর্বাঞ্চল ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ওপর। খুলনাসহ দেশের বিভিন্ন এলাকার বহু যাত্রী বর্তমানে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা রয়েছেন।
আটকে পড়া এক যাত্রী মুঠোফোনে জানান, বাংলাদেশ বিমানের প্রায় ৪শ’ এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের সাড়ে তিনশ’র মতো যাত্রী বিমানবন্দরে অপেক্ষমাণ রয়েছেন। হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে রাত পার করেছেন।
খুলনার সোনাডাঙ্গার বাসিন্দা ও সৌদি প্রবাসী ইমদাদুল কবির লিমন বলেন, দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন করে তিনি নির্ধারিত সময়েই বিমানবন্দরে পৌঁছান। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ইরাকে মার্কিন হামলা এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় হঠাৎ করেই সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়।
এতে অন্তত: সাড়ে সাতশ’র বেশি বাংলাদেশি যাত্রী একসঙ্গে আটকা পড়েন। রয়েছেন অন্যান্য দেশেরও কয়েক হাজার যাত্রী। বিমানবন্দরের ভেতরে রাতভর অপেক্ষা, অনিশ্চয়তা আর উদ্বেগে কেটেছে তাদের সময়।
আটকে পড়া আরেক যাত্রী জানান, “একদিকে ফ্লাইট বাতিল, অন্যদিকে কবে ছাড়া পাব- এই অনিশ্চয়তায় একটি দীর্ঘ রাত পার করেছি। বিমানবন্দরে যেমন আমরা নির্ঘুম ছিলাম, তেমনি দেশে থাকা পরিবারের সদস্যরাও দুশ্চিন্তায় ঘুমাতে পারেননি।”
এ ঘটনার ফলে প্রবাসী পরিবারগুলোর মধ্যেও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। দ্রুত ফ্লাইট স্বাভাবিক করার দাবি জানিয়েছেন আটকে থাকা যাত্রীরা।
অপরদিকে, ফ্লাইট বাতিলের ফলে প্রবাসীরা চতুর্মুখী সংকটে পড়তে যাচ্ছেন বলেও অনেকে উদ্বেগ প্রকাশ করেন। কারো কোম্পানির ছুটি জটিলতা যেমন রয়েছে তেমনি ভিসার মেয়াদ নিয়েও প্রশ্নের মুখে পড়তে পারেন কেউ কেউ। আবার অনেকের পাসপোর্টের মেয়াদও দ্রুত শেষ হয়ে যেতে পারে। এভাবে ফ্লাইট যত দেরি হবে সংকট-সমস্যা ততোই বাড়বে বলেও মনে করছেন অনেকে।