/ মায়ানমারে পাচার কালে সিমেন্ট ও দুটি বোটসহ ১৯ জনকে আটক

মায়ানমারে পাচার কালে সিমেন্ট ও দুটি বোটসহ ১৯ জনকে আটক

পূর্বাঞ্চল ডেস্ক : দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব সুরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নৌবাহিনী নিয়মিত টহল পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর হতে ১ হাজার ১৪০ বস্তা সিমেন্টসহ দুইটি ইঞ্জিন চালিত বোট এবং ১৯ জন চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
আইএসপিআর জানায়, সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সিমেন্ট মায়ানমারে পাচার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় টহল কার্যে নিয়োজিত থাকাকালীন বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন বাতিঘর হতে ৩৮ মাইল দূরে সন্দেহজনক বোট দেখতে পায়। নৌবাহিনী জাহাজ বোটটি তল্লাশির লক্ষ্যে থামার সংকেত প্রদান করলে, তারা পালানোর চেষ্টা করে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যাশা ধাওয়া করে ‘এফবি সীমান্ত’ নামক বোটটি আটক করে। আটককৃত বোটটি তল্লাশি করে ৪৫০ বস্তা সিমেন্ট, ২৫০ কেজি ডাল-চানা, ১৬০ কেজি আদা এবং ৩৬০ বোতল এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়।
অপরদিকে একই এলাকায় পৃথক অভিযানে সন্দেহজনকভাবে চলাচলরত ‘এফবি সুরভি’ নামক আরও একটি ফিশিং বোট আটক করা হয়। এ সময় বোটটি তল্লাশি করে ৭০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। আটককৃত উভয় বোটে চোরাকারবারী দলের ১৯ জন সদস্যকেও আটক করা হয়।
আটকৃত ব্যক্তিদের সূত্রে জানা যায়, অধিক মুনাফা লাভের আশায় সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটকৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়।