/ মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা

২ জনকে গ্রেফতার

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে সিয়াম মোল্যা (১৭) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে ৪ বন্ধু। এ ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, হত্যার দুইদিন পর গত সোমবার (৯ মার্চ) রাত ১১টার দিকে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরীপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিয়াম মোল্যা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের ইতালী প্রবাসী লিখন মোল্যার ছেলে ও মুকসুদপুর কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্র।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৭ মার্চ থেকে কলেজ ছাত্র সিয়াম নিখোঁজ হয়। সোমবার (৯ মার্চ) রাতে ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরীপানার মধ্যে থেকে পচা দুর্গন্ধ আসতে থাকে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার মধ্যে থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে সিয়ামের কাছে একটি আইফোন ও নগদ টাকা ছিল। সেই ফোন বিক্রি করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাদকের টাকা জোগাড় করতে সিয়ামকে হত্যার পরিকল্পনা করে তার ৪ বন্ধু। তিনি জানান ৪ বন্ধু হলো উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের সাবেক সদস্য বাঁশবাড়ীয়া গ্রামের রিপন মুন্সির ছেলে সাজিদ মুন্সি, টুটুল মুন্সির ছেলে পারভেজ মুন্সি, রায়হান মুন্সির ছেলে অভি মুন্সি এবং ঝুটিগ্রামের সাহিন মুন্সির ছেলে দিদার মুন্সি। সেই পরিকল্পনা অনুযায়ী গত শনিবার (৭ মার্চ) সিয়ামকে হত্যার পর একটি পুকুরে কচুরিপানার নিচে মরদেহ গুম করে রাখে ৪ বন্ধু। এঘটনায় ঝুটিগ্রমের শাহিন মিয়ার ছেলে দিদার (১৪) ও বাঁশবাড়ীয়া গ্রামের টিটুল মুন্সীর ছেলে পারভেজকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। অপর ২জনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
এলাকাবাসী জানান, সিমামের মা মারা যাওয়ায় ও বাবা ইতালী প্রবাসী হওয়ায় ঝুটিগ্রামের নানা বাড়ী থাকতো। মাদকের ভয়াবহতা মানুষকে কতটা অমানবিক ও পশুতে পরিণত করতে পারে, সিয়ামের এ হত্যাকান্ড তারই এক জ্বলন্ত প্রমাণ। তুচ্ছ একটি ফোন ও নেশার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুনের এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।