/ যশোরে পৃথক তিন ঘটনায় ছুরিকাঘাত ও কুপিয়ে আহত ৪

যশোরে পৃথক তিন ঘটনায় ছুরিকাঘাত ও কুপিয়ে আহত ৪

যশোর ব্যুরোঃ যশোরে পৃথক তিনটি সহিংস ঘটনায় ছুরিকাঘাত ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) রাত থেকে রোববার (৫ এপ্রিল) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রথম ঘটনায়, শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলা গ্রামে মো. নাহিদ হোসেন হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। তিনি মো. লিয়াকত শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতের ভাগ্নের স্ত্রী নুপুরের সঙ্গে প্রতিবেশী জুয়েল (৩০)-এর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে জুয়েল হৃদয়ের বাড়িতে ঢুকে বাকবিতন্ডার একপর্যায়ে তার বুকের বাম পাশে ও হাতের কব্জিতে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

একই ইউনিয়নের ঝুমঝুমপুর রাজ্জাকের মোড়ে হৃদয় (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে আহত করা হয়। জানা যায়, চুরি করা মোটরসাইকেল বিক্রি নিয়ে বিরোধের জেরে মিরাজ (১৯) নামের এক যুবক তাকে একা পেয়ে নিতম্বে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অপর ঘটনায়, একই রাতে দাইতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে আবিরন নেছা (৬০) ও তার ছেলে মো. হানিফ (৩০)-এর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মনিরুল (৪০), আসিফ (২০), অপু (২২)সহ ৪-৫ জনের একটি দল তাদের বাড়িতে ঢুকে রড দিয়ে পিটিয়ে এবং ধারালো চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রদীপ কুমার ঘোষ-০৫/০৪/২৬
০১৭১১৪৮৩৩৭৩