/ রমজানের শুরুতেই থালাপতি বিজয়ের বার্তা

রমজানের শুরুতেই থালাপতি বিজয়ের বার্তা

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। খ্রিষ্টান ধর্মাবলম্বী হলেও অন্যান্য ধর্মের প্রতি সমান শ্রদ্ধা রয়েছে তার। প্রতি রমজানে ইফতার পার্টির আয়োজন করেন এই নায়ক।

ইসলাম ধর্মের অনুসারীদের সঙ্গে বসে করেন ইফতার বিজয়।

যেখানে ইফতারের পাশাপাশি মোনাজাত ও নামাজ আদায় করতে দেখা গেছে তাকে।

এবারও রমজানের একদম শুরুর দিনেই নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করলেন এই অভিনেতা।

নিজের এক্স হ্যান্ডেল থেকে করা পোস্টে বিজয় লেখেন যে, আল্লাহ তোমাদের সকলকে সুখ ও সাফল্য দান করুন এবং তোমাদের সঠিক পথে পরিচালিত করুন, শুভ রমজান। সঙ্গে হার্ট সাইনের পাশাপাশি একটি কাবা ঘরের ইমোজিও জুড়ে দেন পোস্টে।

গেল বছর তার করা ইফতারের আয়োজনে প্রায় ৩,০০০-এর মতো লোককে ইফতার করানো হয়েছিল। এছাড়া ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা। নামাজ ও  মোনাজাতেও অংশ নিতে দেখা গিয়েছিল তাকে।

এরপরেই সামাজিকমাধ্যমে খবর ছড়িয়েছিল, থালাপাতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে পরবর্তীতে জানা যায় বিষয়টি সত্য নয়।

এদিকে, থালাপতি বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমার মুক্তি নিয়ে মাসখানেক ধরে আইনি জটিলতা চলছে। জানা গেছে, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) বিরুদ্ধে সিনেমার নির্মাতাদের করা মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।