/ রূপসায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার, পুত্র বাদী হয়ে পিতার বিরুদ্ধে মামলা

রূপসায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার, পুত্র বাদী হয়ে পিতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি,রূপসা (খুলনা) : উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আটক করেছে থানা পুলিশ। এ ব্যাপারে পুত্র বাদী হয়ে পিতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে উক্ত গ্রামের ইউনুছ শিকদারের পুত্র খোকন শিকদার (৫৮) গত ২৬ মার্চ সকালে তার স্ত্রী খুরশিদা বেগম (৫০) কে পারিবারিক কলহের জের ধরে শাবল দিয়ে মাথায় সজোরে আঘাত করে। এসময় স্ত্রী মারাত্মক জখমপ্রাপ্ত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে অধিক রক্তক্ষরণ এবং মস্তিকের জটিলতার কারনে গত ২৭ মার্চ আনুমানিক ৮ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে খুরশিদা মৃত্যুবরণ করেন। ঘটনা জানাজানি হলে ২৮ মার্চ অভিযুক্ত স্বামী খোকন শিকদারকে শিয়ালি ক্যাম্প পুলিশের ইনচার্জ প্রদীপ দাস আটক করেন। এ ব্যাপারে নিহতের পুত্র মিশকাত শিকদার বাদী হয়ে তার পিতার বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করেন।

 মিশকাত শিকদার প্রতিনিধিকে জানান, তার পিতা বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিন কাটাচ্ছিলো। এ ঘটনার সূত্র ধরেই তার পিতা মাতার মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকত। গত ২৬ মার্চ সকালে আবারও বিবাদের সৃষ্টি হলে এক পর্যায়ে ঘরে থাকা শাবল দিয়ে পিতা খোকন শিকদার মাতা খুরশিদা বেগম আঘাত করে এবং পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।এ ব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান জানান, পুলিশ ঘটনার সাথে জড়িত খোকন শিকদারকে আটক করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে ও এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।