রূপসা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নির্যাতন ও হত্যা মামলায় গাফিলতির অভিযোগ এনে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত আবেদন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
অভিযোগপত্রে খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা জাহানারা সুলতানা দাবি করেন, তার ছোট ভাই মরহুম মাসুম বিল্লা (একজন সাবেক শ্রমিক নেতা) গত ৪ মার্চ রাতে খুলনা ডাকবাংলা এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত হন। অভিযোগে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ও একজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করা হলেও এখনো মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আবেদনে বলা হয়, নিহত মাসুম বিল্লা এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অবস্থানের কারণে পুলিশের একটি অংশের বিরাগভাজন ছিলেন। অভিযোগ অনুযায়ী, এর আগেও তাকে একটি হত্যা মামলায় জড়ানো হয় এবং থানায় নিয়ে নির্যাতন করা হয়েছিল। এছাড়া একই আবেদনে জাহানারা সুলতানা তার ভাগ্নে মিরাজুল জামান মামুনের ওপর নির্যাতনের অভিযোগ তোলেন। তিনি উল্লেখ করেন, গত বছর ২৭ অক্টোবর রাতে রূপসা থানা এলাকায় তার ভাগ্নের চায়ের দোকানে অভিযান চালিয়ে ওসি মাহফুজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যান। বাধা দিলে তাকে বেধড়ক মারধর করা হয়, এমনকি চেয়ার দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, ঘটনার পর প্রমাণ নষ্ট করতে ব্যবহৃত ভাঙা চেয়ার নদীতে ফেলে দেওয়া হয়। বর্তমানে আহত মিরাজুল অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগপত্রে আরও বলা হয়, রূপসা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় স্থানীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলালও পুলিশের ভূমিকার সমালোচনা করেন এবং হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার দাবি করেছে, থানার ওসির বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, যা এলাকায় নিরাপত্তা পরিস্থিতিকে আরও অবনতি ঘটিয়েছে।
জাহানারা সুলতানা তার আবেদনে বলেন, আমি একজন অসহায় পরিবার সদস্য হিসেবে বিনা দোষে নির্যাতনের বিচার চাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তিনি পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।