নিজস্ব সংবাদদাতা শৈলকুপা (ঝিনাইদহ) : উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া মাঠে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন খড়িবাড়িয়া গ্রামের সমীর (৪৫) ও অপু (৩০)। আহত ব্যক্তির নাম রঞ্জিত মাস্টার।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ওই তিনজন গ্রামের পাশের একটি মাঠে কৃষি কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সমীর ও অপুকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছে। আহত রঞ্জিত মাস্টারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ বজ্রপাতে দুই জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।