নিজস্ব সংবাদদাতা, কয়রা(খুলনা)ঃ বনবিভাগের সহায়তায় সুন্দরবনের গহীনের নদীখালে নিষিদ্ধ ছোট প্রজাতির পারসের পোনা শিকার অব্যাহত রয়েছে বলে অভিযোগ পওয়া গেছে।
অভিযোগ জানাযায়, পাস পারমিট ছাড়াই অবৈধভাবে শতাধিক জেলে বনের ভেতরের আলোরকোল, কাগা দোবেকির কালিরচর সহ গহীন বনের অন্যান্য নদীখালে ইঞ্জিনচালিত ট্রলার ব্যবহার করে অসাধু জেলেরা পারসের পোনা শিকার চালিয়ে যাচ্ছে। পোনা ভর্তি ট্রলারগুলো রাতের অন্ধকারে বলেশ্বর নদী দিয়ে মংলা, দ্বিগরাজ, আশাশুনির ঝাপালি মৎস্য আড়ত ও চালনা বাজারে ভোর রাতে হাজির হয়ে ৩ হাজার টাকা কেজি দরে মৎস্য ঘের মালিকদের কাছে বেচাবিক্রি করে ফায়দা লুটে নিচ্ছে। কয়েকটি ট্রলার রাতের অন্ধকারে সাতক্ষীরা রেঞ্জের কঞ্চি নদী ও আড়পাঙ্গাসিয়া নদী দিয়ে নীলডুমুর হয়ে ঝাপালি মৎস্য আড়তে চলে যাচ্ছে। শিবসা নদী দিয়ে পাইকগাছার গড়ুইখালিতে পারসের ট্রলারের আনাগোনা রয়েছে। সুন্দরবনের ভেতরে বিভিন্ন রুট দিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে পোনা পরিবহন করা হলেও বন বিভাগের কোন তদারকি লক্ষ্য করা যাচ্ছে না।
গত এক মাস যাবত সুন্দরবনের গহীনে পারসের পোনা শিকার করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বন বিভাগের লোকজন।
এ ব্যাপারে জানতে চাইলে পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান বলেন, পারসের পোনা আহরণের কোন অনুমতি নেই। বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না।