দয়াল বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলি উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, মোংলা(বাগেরহাট) : সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান দল শিবসা নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় সুন্দরবনে থাকা ডাকাতের জন্য লোকালয় হতে নিয়ে যাওয়া রসদ সরবরাহকালে আব্দুল হালিমকে আটক করা হয়। সে সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর সদস্য। তার দেয়া তথ্য অনুযায়ী টাকাতোলা খাল সংলগ্ন এলাকা হতে মাটি খুড়ে ১টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
আটককৃত ডাকাত আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দয়াল বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।