/ নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মো. শরিফুল ইসলাম (২৫) নামে মৎস্যজীবী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের জানখাঁরটেক গ্রামে নিজ বাড়ির সামনে শরিফুলকে কুপিয়ে গুরুতর আহত করেন তারই চাচাতো ভাই শাকিল মিয়া (২৩)। এ সময় তাদের চাচা জহিরুল ইসলাম ঝগড়া থামাতে গেলে তিনিও গুরুতর আহত হন।

নিহত শরিফুল ওই এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে এবং যোশর ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। অভিযুক্ত শাকিল তার চাচা বাদল মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, পূর্ব শত্রুতার জেরে শাকিল বৃহস্পতিবার সকালে উত্তেজিত হয়ে শরিফুলের বাড়িতে যান। এ সময় তিনি ধারালো অস্ত্র দিয়ে শরিফুলের মাথায় আঘাত করেন।পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক শরিফুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, শরিফুলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এ ঘটনায় অভিযুক্ত শাকিলের বাবা বাদল মিয়া ও মা রেখা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।