নওয়াপাড়া অফিস : যশোরের অভয়নগরের ভাটপাড়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ যশোর ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে একটি তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জামায়াতের কর্মী আব্দুস সাত্তার (৪৩) প্রতিপক্ষের হাতে আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় যুব জামায়াত বিক্ষোভ মিছিলের আয়োজন করে। একই সময়ে বিএনপির নেতাকর্মীরাও পাল্টা বিক্ষোভের প্রস্তুতি নেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়, যা পরে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়।
সংঘর্ষে আহতরা হলেন, ইকবাল হোসেন, হাসান, রহমান ইউসুফ, জাকির হোসেন, শাহিন শেখসহ আরও অনেকে। আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ যশোর খুলনার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ টহল জোরদার করা হয়েছে। পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।