/ মোরেলগঞ্জে জুলাই শহিদ মাহফুজের বাড়িতে হামলা ও লুটের অভিযোগ

মোরেলগঞ্জে জুলাই শহিদ মাহফুজের বাড়িতে হামলা ও লুটের অভিযোগ

মোরেলগঞ্জ অফিস : বাগেরহাটের মোরেলগঞ্জে জুলাই শহিদ মাহফুজুর রহমানের বাড়িতে হামলা, মারপিট ও লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় মাহফুজের বোন রহিমা খাতুনসহ ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে শাহিন হাওলাদারকে (৩৫) মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে হরতকিতলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শহিদ মাহফুজের পিতা আব্দুল মান্নান হাওলাদারের অভিযোগ, পূর্ব শত্রুতার কারনে তার ভাইয়ের ছেলেরা পরিকল্পিতভাবে গতকাল তার (মান্নান হাওলাদারের) বসতঘরে হামলা করে। হামলায় ৩ জন আহত হয়েছে। হামলাকারিরা বসতঘরের দরজা ভেঙ্গে ঘরের মালামাল ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়।
অপরদিকে এ অভিযোগ অস্বিকার করে মান্নান হাওলাদারের বিরুদ্ধে পাল্টা মারপিটের অভিযোগ করেন তার আপন ভাই আলতাফ হাওলাদার। তিনি অভিযোগ করে বলেন, শুধু শহিদ মাহফুজের পিতা হবার কারনে মান্নান এলকার সকলকে জিম্মি করে ফেলেছে। গতকাল সে লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করেছে। আজ আবার আমার ছেলেদেরকে মারপিট করেছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।