/ নগরীতে বকেয়া টাকার বিরোধে যুবককে জবাইয়ের চেষ্টা

নগরীতে বকেয়া টাকার বিরোধে যুবককে জবাইয়ের চেষ্টা

স্টাফ রিপোর্টার : খুলনায় মোবাইল ফোনের বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে রাতের আঁধারে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জবাইয়ের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।


আহত যুবকের নাম জাহিদুল ইসলাম (২৬)। তিনি লবণচরা থানার ছাচিবুনিয়া স্লুইচ গেট এলাকার বাসিন্দা। তার পিতা হায়াত আলী স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।


পরিবারের অভিযোগ, জাহিদুল ১৩ হাজার টাকায় একটি মোবাইল ফোন কিনে ১১ হাজার টাকা পরিশোধ করেন। বাকি দুই হাজার টাকা নিয়ে বিক্রেতা পক্ষের সঙ্গে বিরোধ চলছিল। রাত ১টা থেকে ২টার মধ্যে কয়েকজন পরিচিত যুবক তার বাসায় এসে টাকা বা ফোন ফেরতের কথা বলে তাকে বাইরে ডেকে নেয়। সঙ্গে তার এক বন্ধুও ছিলেন।


অভিযোগ অনুযায়ী, পরে তাকে রূপসা এলাকার একটি ঘরে নিয়ে আটকে রেখে মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে গলা, হাত ও পায়ে কোপ দেওয়ার চেষ্টা করা হয়। জাহিদুলের দাবি, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। একপর্যায়ে ধস্তাধস্তি করে তিনি পালিয়ে আসেন।
গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।


কেএমপির লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। আহত জাহিদুল ইসলামের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।