/ তালায় দুই শিশু কন্যার ওপর যৌন নির্যাতনের অভিযোগ

তালায় দুই শিশু কন্যার ওপর যৌন নির্যাতনের অভিযোগ

থানায় মামলা

তালা অফিস : তালা উপজেলার হাজরাকাটি গ্রামে দুই শিশুকন্যা (৫ ও ৬ বছর) যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাজরাকাটি গ্রামের আক্তারুল বিশ্বাসের ছেলে পারভেজ বিশ্বাস কিছুদিন ধরে প্রতিবেশী দুই শিশুকে বিভিন্ন কৌশলে ফুসলিয়ে বাড়ির ছাদে নিয়ে যেত। সেখানে তাদের সঙ্গে অশালীন আচরণ, ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে।

৫ বছর বয়সী এক কন্যা শিশুর মা জানান, প্রায় এক সপ্তাহ আগে তার মেয়ের ওপর একই ধরনের নির্যাতনের ঘটনা ঘটে, যার ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি প্রথমে স্পষ্ট না হলেও বুধবার ৬ বছর বয়সী আরেক শিশুর সঙ্গে একই ঘটনা ঘটলে সে মায়ের কাছে সব খুলে বলে। পরে বিষয়টি পরিবার ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। নির্যাতনের ফলে দুই শিশুই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় এক শিশুর বাবা সফিকুল বিশ্বাস বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানায় এসআই শহর আলী জানান, তালা থানায় মামলা নং ৪,তারিখ ০৫/০৩/২৬।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, শিশুটির পিতা বাদী হয়ে তালা একটি মামলা দায়ের করেছেন। আসামী গ্রেফতার করতে জোর প্রচেষ্টা চলমান আছে।