দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় গাঁজা, মদ ও বিভিন্ন মাদকদব্য উদ্ধার হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির টহল দল গত শুক্রবার রাত ১২টার দিকে সীমান্ত সংলগ্ন মদনের ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪ কেজি গাঁজা উদ্ধার করে। একইদিন সন্ধ্যা ৬টায় চরচিলমারী বিওপির টহল দল মরারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭ বোতল মদ এবং ৬৪০ সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করে। এছাড়াও একইদিন রাত ৮টার দিকে একই বিওপির টহল দল ক্লিকের মোড় নামক স্থানে অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গাঁজা, মদ ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।