যশোর ব্যুরো : যশোর শহরের মাড়োয়ারী পতিতালয়ের যৌন পল্লীতে কয়েকজন যৌনকর্মির গণপিটুনিতে শাহরিয়া আলম রকি (৪৬) নামে এক ব্যবসায়ী আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে যশোর কোতয়ালি মডেল থানার পিছনে অবস্থিত মাড়োয়ারী পতিতালয় এলাকার মুরাদ এন্টারপ্রাইজ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। আহত রকি যশোর শহরের বকচর বিহারী কলোনি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত দিল রেজা আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সোনাপট্টি এলাকায় ফুটপাতে গেঞ্জি বিক্রি করছিলেন শাহরিয়া আলম রকি। এ সময় পতিতালয়ের তৃষা (২৫) নামে এক যৌনকর্মির সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রকি তৃষাকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার জেরে শনিবার বিকেলে রকি ওই এলাকার মুরাদ এন্টারপ্রাইজ দোকানে বসে থাকাকালে তৃষাসহ পতিতালয়ের কয়েকজন কর্মি সেখানে গিয়ে তাকে গণপিটুনি দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর কোতয়ালি থানা পুলিশে সোপর্দ করে।
পুলিশ তাকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।