/ জেলি- তেল- সোডা মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল দুধ

জেলি- তেল- সোডা মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল দুধ

যশোর ব্যুরো : যশোরের কেশবপুরে ভেজাল দুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। গত সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে এ কারখানা আবিষ্কারের পর ছয়জনকে ছয় লাখ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির সময় অভিযুক্তদের হাতেনাতে ধরা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।

দন্ডপ্রাপ্তরা হলেন, কেশবপুর উপজেলার পাথরঘাটা গ্রামের মিলন ঘোষ (৩০), অরূপ ঘোষ (২৯), স্বপন ঘোষ (৬৮), রামপ্রসাদ ঘোষ (২৯), বুদ্ধদেব ঘোষ (২৮) ও পার্থ ঘোষ (১৯)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পাথরঘাটা গ্রামের ঘোষপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, র‌্যাব এবং ভোক্তা অধিকার যৌথ অভিযান পরিচালনা করে ভেজাল দুধ উৎপাদনের সত্যতা পায়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই গ্রামের ছয়জনকে এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদন্ড প্রদান করেন। অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

অভিযানকালে যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও র‌্যাব উপস্থিত ছিলেন।
অভিযান শেষে র‌্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে শাস্তির বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের কর্মকান্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দুধে জেলি ও রাসায়নিক মিশিয়ে যারা সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান বজায় থাকবে।