/ খুলনার বড়বাজারে ফুটপাতের দোকান নিয়ে সংঘর্ষ

খুলনার বড়বাজারে ফুটপাতের দোকান নিয়ে সংঘর্ষ

দুই ভাই ছুরিকাহত

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর সদর থানাধীন বড়বাজার ক্লে রোড এলাকায় ফুটপাতের দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই ভাই ছুরিকাহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. মিলন হাওলাদার (৩৮) ও তার বড় ভাই মো. ওহিদ হাওলাদার (৪২)। তারা দুজনই রূপসা উপজেলার আইচগাতী থানার খান মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এবং আদম আলী হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বড়বাজার ক্লে রোড এলাকায় ফুটপাতে জুতা ব্যবসা করতেন মিলন হাওলাদার।

শুক্রবার সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে অন্য কয়েকজন ফুটপাত ব্যবসায়ীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্ত ফুটপাত ব্যবসায়ী মুন্না (২২) ও মোহাম্মদ (২৩) সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন মিলিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় মিলন হাওলাদারকে পিঠের বাম পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়।

এছাড়া তার বড় ভাই ওহিদ হাওলাদারকেও পিঠের পেছনে দুই স্থানে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাদের হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।