১৬ লাখের বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা
স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সম্প্রতি হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যুজনিত কারণে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরকারও যথাযথ গুরুত্বের সাথে শিশুদের টিকার আওতায় আনার সকল আয়োজন সম্পন্ন করেছে।
আজ সোমবার থেকে সারা দেশের ন্যায় খুলনা মহানগরীতে মাসব্যাপী হাম-রুবেলা টিকা প্রদান শুরু হচ্ছে। একটি শিশুও যেন এ টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
কেসিসি প্রশাসক গতকাল রবিবার সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আয়োজিত এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
সভায় কেসিসি প্রশাসক ধর্মীয় প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সমাজের সম্মানিত মানুষ। সমাজের মানুষ আপনাদের কথা গুরুত্বের সাথে বিবেচনা করে। যে কোন বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় প্রতিনিধিদের ভূমিকার কথা তুলে ধরে তিনি শিশুদের হাম-রুবেলা টিকার আওতায় আনার বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ‘‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’’ সমগ্র দেশের ন্যায় খুলনা মহানগরীতেও আজ(২০ এপ্রিল) থেকে শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলমান থাকবে। ক্যাম্পেইনে ৬ মাস হতে ৫ বছরের কম বয়সী সকল শিশুদের ১ (এক) ডোজ হামের টিকা প্রদান করা হবে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ইসলামিক ফউন্ডেশন-খুলনার পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএম নাজমুর রহমান সজিব ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফ। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। সভায় নগরীর বিভিন্ন মসজিদের ইমামগণ সভায় অংশগ্রহণ করেন।
এর আগে একই স্থানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৩১টি ওয়ার্ডে ৯৩ হাজার ৭৮৮ জন শিশুকে টিকাদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশে হামের প্রকোপ বৃদ্ধি পেলেও খুলনায় পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের সন্দেহে মারা যাওয়া দুইজনই ঝিনাইদহের বাসিন্দা। এছাড়া খুলনা জেলায় ১৪ জন এবং নগরে ৩ জনের হাম শনাক্ত হয়েছে, যা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কম।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নগরীর ৩১টি ওয়ার্ডকে চারটি জোনে ভাগ করে ৩৫৬টি স্কুলে ২৫৬টি কেন্দ্রে ৮২টি টিম কাজ করবে। এর মধ্যে ৪টি স্থায়ী ও ২৫২টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। টিকাদান কার্যক্রমে ১৪৪ জন কর্মী ও ২০৬ জন স্বেচ্ছাসেবী অংশ নেবেন।
অপরদিকে, হাম-রুবেলা প্রতিরোধে খুলনা বিভাগে আজ সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচির আওতায় খুলনা বিভাগের ১০ জেলায় মোট ১৬ লাখ ১১ হাজার ৭০২ জন শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
বিভাগজুড়ে ১৪ হাজার ৯৩৬টি টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) টিকাদান কার্যক্রম চলবে। এ কাজে ২ হাজার ২৯৪ জন টিকাদানকারী এবং ৭ হাজার ৭৫৪ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
এ উপলক্ষে গতকাল রবিবার খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে আয়োজিত বিভাগীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক বলেন, হাম-রুবেলা একটি মারাত্মক সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। তিনি বলেন, “কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে।”
তিনি আরও বলেন, অনেক শিশু টিকা নিতে ভয় পায়- তবে এতে ভয়ের কিছু নেই। অভিভাবকদের সন্তানদের টিকাকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুক্রবারের খুতবা ও নামাজের আগে এ বিষয়ে প্রচারের জন্যও আহ্বান জানান তিনি। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আরিফ হাম-রুবেলা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
এদিকে, এই টিকাদান কর্মসূচি উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতিও চালু করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য অভিভাবকরা অনলাইনে জন্মনিবন্ধনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। তবে নিবন্ধন না থাকলেও টিকা গ্রহণে কোনো বাধা থাকবে না।
উদ্বোধনী অনুষ্ঠছান ঃ আজ সোমবার(২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় খুলনা মহানগরীর ফুলবাড়িগেট বক্ষ্মব্যাধি হাসপাতালে বিভাগীয় পর্যায়ে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।