/ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে টেইলারিং দোকানে পতাকা তৈরির ধুম

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে টেইলারিং দোকানে পতাকা তৈরির ধুম

স্পোর্টস রিপোর্টার : বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের সর্বত্র উৎসবের আমেজ চলছে। এই উন্মাদনায় মেতে শহরের অলিগলি থেকে শুরু করে মফস্বলের টেইলারিং ও কাপড়ের দোকানগুলোতে বিভিন্ন দেশের পতাকা তৈরির ধুম পড়েছে।

দেশের অন্যান স্থানের ন্যায় খুলনাতে দর্জিরা অন্য সব কাজ বাদ দিয়ে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালসহ বিভিন্ন দেশের পতাকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ ৩২ থেকে ৪৮টি দেশের পতাকাও তৈরি করছেন।

নগরীতে হাট-বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে অস্থায়ী দোকানগুলোতে নানা আকারের পতাকা বিক্রি হচ্ছে। আকার ও মানভেদে পতাকার দাম ভিন্ন হয়ে থাকে। ছোট পতাকাগুলো ১৫০ থেকে ৪০০ টাকার মধ্যে পাওয়া যায়। তবে ভক্তরা ২০ ফুট বা তার চেয়েও বড় পতাকা কিনে নিজেদের বাড়িঘর সাজাচ্ছেন। পতাকার পাশাপাশি জনপ্রিয় দলগুলোর জার্সির চাহিদাও প্রচুর এবং দোকানগুলোতে তা দেদারসে বিক্রি হচ্ছে।